লিওনেল স্কালোনি-newsedge24
  • July 20, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 1

বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১০ জনের আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে স্পেন। ম্যাচ শেষে প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব স্বীকার করে আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু স্পেনের দুর্দান্ত ফুটবলের সামনে সেই স্বপ্ন পূরণ হয়নি।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘তারা আমাদের চেয়ে ভালো দল ছিল, এটাই সত্য। কিন্তু আমার খেলোয়াড়দের নিয়ে আমি সব সময় গর্বিত থাকব। তারা যা অর্জন করেছে এবং এত দূর পর্যন্ত এসেছে, সেটার মূল্য অনেক বড়।’

সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়া একপর্যায়ে চোখের জল ধরে রাখতে পারেননি স্কালোনি। তিনি বলেন, ‘এত দূর পর্যন্ত পৌঁছাতে কতটা পরিশ্রম করতে হয়, সেটার যথাযথ মূল্যায়ন করা উচিত।’

শেষ বাঁশির পর লিয়ান্দ্রো পারেদেসকে ঘিরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, সেটিও সামলাতে হয় স্কালোনিকে। তবে তিনি বলেন, জয়ের সময় যেমন সৌজন্য দেখাতে হয়, পরাজয়ের সময়ও একই মানসিকতা ধরে রাখতে হবে।

স্কালোনির ভাষায়, ‘জয়ের সময় আমরা যেমন মর্যাদা বজায় রাখি, পরাজয়ের সময়ও তেমনই থাকা উচিত। আজ আমরা দেখিয়ে দিয়েছি যে হার মেনে নিতে জানি। আমরা ম্যাচ হেরেছি এবং তা মেনে নিচ্ছি। কিন্তু তাই বলে এখানে পৌঁছাতে যা করেছি, তা ভুলে যাব না।’

পুরো টুর্নামেন্টজুড়ে সমর্থকদের অসাধারণ সমর্থনের জন্যও কৃতজ্ঞতা জানান আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, ‘দেশের মানুষ, আমার খেলোয়াড় এবং পুরো জাতিকে বলতে চাই, আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে। এর বাইরে অন্য কোনো পথ নেই।’

আরও পড়ুন: আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতল স্পেন

৪৮ বছর বয়সী স্কালোনির মতে, টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠাও বড় একটি অর্জন। তিনি বলেন, ‘রানার্সআপ হওয়াকেও আমি মূল্য দিই। এখানে পৌঁছাতে অনেক কিছু লাগে এবং এই অর্জন অবশ্যই বড় স্বীকৃতি পাওয়ার দাবি রাখে। অবশ্যই আমরা শিরোপা জিততে চেয়েছিলাম। কিন্তু এখন আমার অনুভূতি একটাই, কৃতজ্ঞতা। অবশ্যই এর সঙ্গে দুঃখও আছে। তবে যখন সবাই নিজেদের সর্বস্ব দিয়ে লড়ে, তখন তাদের দোষ খুঁজে পাওয়া খুব কঠিন।’

সংবাদ সম্মেলনের শেষদিকে নিজের ভবিষ্যৎ নিয়েও ইঙ্গিত দেন স্কালোনি। তিনি জানান, ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর্জেন্টিনার দায়িত্ব চালিয়ে যাবেন কি না, তা নিয়ে তিনি ভাবছেন

1 comment on “ফাইনালে হারের পর আবেগাপ্লুত স্কালোনি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *